ছবি: প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে। ১৭ বছরের আবর্জনা ও বর্জ্য আমাদের সরাতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সব বিভাগ ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করব। যারা দখল করে আছেন কিংবা যাদের সহযোগিতা প্রয়োজন, সবার আন্তরিকতা ও সহযোগিতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে এবং জনগণের পাশে থেকে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করা হয়েছে। এসব খালে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে আছে এবং অনেক জায়গা দখল হয়ে গেছে। এগুলো অপসারণ না করলে খাল খননের সুফল পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, একদিকে খাল খনন কার্যক্রম চলবে, অন্যদিকে সবার সহযোগিতা প্রয়োজন। যারা অবৈধভাবে খাল দখল করে আছেন বা যেখানে ময়লা-আবর্জনা ফেলছেন, তাদের সতর্ক হতে হবে। সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে নেওয়া এই কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।
এসএইচ
আপনার মতামত লিখুন :